যেভাবে স্মার্ট হবে দেশের জ্বালানী সরবরাহ ব্যবস্থাপনা
জ্বালানি তেল পরিবহন ব্যবস্থায় অনিয়ম বন্ধে আগামী জুনের মধ্যে স্মার্ট ফুয়েল ডিস্ট্রিবিউশন মনিটরিং সিস্টেম (এসএফডিএমএস) চালু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এজন্য আইপি ক্যামেরা, জিপিএস ট্র্যাকার এবং এআইএস প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানা গেছে। এসব প্রযুক্তিকে কাজে লাগিয়ে জ্বালানি তেল মজুত, আমদানি, বিতরণ এবং সরবরাহ সংক্রান্ত রিয়েল টাইম ডাটা প্রাপ্তির লক্ষ্যে ডেভেলপ করা হবে বিশেষ ড্যাশবোর্ড।
সূত্রমতে, আধুনিক আইপি ক্যামেরা মনিটরিংয়ের লক্ষ্যে ড্যাশবোর্ড, জ্বালানি তেল আমদানি ও বিতরণ সংক্রান্ত ট্যাংক-লরির নিরাপত্তা নিশ্চিত করতে জিপিএস ট্রাকার মনিটরিং ব্যবস্থা এবং জ্বালানি তেল পরিবহন কাজে নিয়োজিত অয়েল ট্যাংকার মনিটরিংয়ের লক্ষ্যে গুগল ম্যাপের সঙ্গে সমন্বয় করে অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম (এআইএস) ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও সেবা সহজীকরণ ও গ্রাহক ভোগান্তি দূরীকরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর অনুকূলে চালু করা হবে ৫ (পাঁচ) ডিজিটের হটলাইন নম্বর।
এছাড়া ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) স্মার্ট কোয়ান্টিফিকেশন অব রিসিপশন অ্যান্ড ডেলিভারি অব পেট্রোলিয়াম প্রোডাক্টস ব্যবস্থা চালু করার পাশাপশি ইআরএল-এ ডেভলেপমেন্ট অব ইলেকট্রনিক ডাটাবেজ অ্যান্ড মনিটরিং সিস্টেম অব ইআরএল ইকুইপমেন্টস বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে সেক্টর ভিত্তিক জ্বালানি তেলের ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুতের লক্ষ্যে ডিলার/এজেন্ট এবং গ্রাহকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অ্যাপসভিত্তিক ডাটাবেজ প্রস্তুত করা হবে।
এছাড়া জ্বালানি তেলের ভবিষ্যত চাহিদার প্রাক্কলন প্রস্তুত এবং আন্তর্জাতিক বাজার গবেষণা ও সোর্সিং এবং বিকল্প জ্বালানি তেলের বাজার বিশ্লেষণের লক্ষ্যে বিপিসি ও কোম্পানির সমন্বয়ে একটি বিশেষায়িত গবেষণা সেল স্থাপন করতে চায় বিপিসি।
এর পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সিস্টেম এবং বিভিন্ন ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জ্বালানি তেলের বিল পরিশোধ ব্যবস্থা এবং বিলের হালনাগাদ তথ্য ও প্রত্যয়নপত্র সংগ্রহ ব্যবস্থা চালু করা হবে।







